
গোলকগঞ্জ (অসম), ২১ এপ্রিল (হি.স.) : ‘পুষ্পা’ স্টাইলে গরু চোরাচালান! গোলকগঞ্জ পুলিশের জালে ১২টি চোরাই গরু সহ সানিদুল ইসলাম এবং সফের উদ্দিন নামের দুই পাচারকারী।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ বুধবার সকাল প্রায় সাতটায় ধুবড়ি জেলার অন্তর্গত গোলকগঞ্জের সার্কল অফিসার নবজ্যোতি রায়ের নির্দেশে পুলিশের দল রতিয়াদহ এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কে এএস ২৮ এসি ০৪২০ নম্বরের একটি মিনি ট্রাকের গতি রোধ। ট্রাকে তালাশি চালিয়ে ফলের কার্টুনের নীচে কাঠ দিয়ে তৈরি চেম্বার থেকে ১২টি চোরাই গরু।
পাশের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে ভেতরের পথ দিয়ে ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে গৌরীপুরের দিকে যাচ্ছিল ট্রাকটি। গরুগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকটি তল্লাশি চালিয়ে ফলের কার্টনের নিচ থেকে ১২টি চোরাই গরু উদ্ধার করা হয়। পাশাপাশি দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুই পাচারকারীকে বঙাইগাঁও জেলার অভয়াপুরীর বাসিন্দা সানিদুল ইসলাম এবং সফের উদ্দিন বলে পরিচয় পাওয়া গেছে।
উল্লেখ্য, পুলিশ যতই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে, পাচারকারীরা ততই নতুন নতুন কৌশল অবলম্বন করছে। কখনও আলুর বস্তার নীচে, কখনও সামগ্রী ভর্তি কার্টুনের নীচে, কখনও দামি চার চাকার গাড়িতে, কখনও নৌকায়, আবার কখনও কলাগাছের ভেলায় বেঁধে নদীর স্রোতে ভাসিয়ে দিয়ে, যে কোনও উপায়ে চোরাই গরুর অবৈধ পাচার অব্যাহত রেখেছে চোরাকারবারিরা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস