
কলকাতা, ২১ এপ্রিল (হি. স.): পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল লোক ভবন। রাজ্যপাল আর. এন. রবি আগামী নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের সহায়তা ও অভিযোগ জানানোর জন্য চব্বিশ ঘণ্টার একটি নাগরিক হেল্পলাইন চালুর ঘোষণা করেছেন।
রাজ্যপালের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে, সাম্প্রতিক সময়ে বহু জনপ্রতিনিধি এবং সাধারণ নাগরিক নির্বাচনের আগে ও পরে সম্ভাব্য সহিংসতা নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন। অনেকে বিগত নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগে বাধা, শারীরিক হেনস্থা এবং পরিবারের সদস্যদের ওপর অত্যাচারের মতো তিক্ত অভিজ্ঞতার কথাও রাজ্যপালকে জানিয়েছেন।
লোকভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে পূর্ববর্তী নির্বাচনগুলোতে সহিংসতার ইতিহাস পর্যালোচনা করে ভারতের নির্বাচন কমিশন ইতিমধ্যেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সেই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে এবং নাগরিকদের অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো, প্রত্যেক ভোটার যেন কোনও ভয় বা চাপের কাছে নতি স্বীকার না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারেন। এই হেল্পলাইনটি অভিযোগ নথিভুক্ত করার পাশাপাশি দ্রুত সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক নির্দেশিকা দেওয়ার কাজ করবে।
লোকভবন থেকে আশ্বস্ত করা হয়েছে যে, হেল্পলাইনে প্রাপ্ত সমস্ত অভিযোগ এবং আবেদন অত্যন্ত সংবেদনশীলতা ও পূর্ণ গোপনীয়তার সঙ্গে বিবেচনা করা হবে। গণতন্ত্রের এই উৎসবে নির্ভয়ে অংশগ্রহণ করে সকল ভোটারকে তাঁদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। নাগরিকরা যেকোনো প্রয়োজনে ২৪ ঘণ্টা চালু থাকা হেল্পলাইন নম্বরগুলোতে (০৩৩-২২০০-১০২২, ০৩৩-২২০০-১০২৩, ০৩৩-২২০০-১০২৫, ০৩৩-২২০০-১০২৬, ০৩৩-২২০০-১০২৭, ০৩৩-২২০০-১০২৮, ০৩৩-২২০০-১০২৯) যোগাযোগ করতে পারবেন। এছাড়া lokbhavanbengalhelpline@gmail.com ইমেলও যেকোনও অভিযোগ বা তথ্য পাঠানো যাবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি