
মুম্বই, ২১ এপ্রিল (হি.স.): মুম্বইয়ের মিরা রোডে ২০১৭ সালের খুনের ঘটনায় মূল অভিযুক্তকে ৯ বছর পর ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত রাজেশ রবীদাস (৩৪)-কে কাশিমীরা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬ এপ্রিল ২০১৭-তে মিরা গ্রামের বাসিন্দা শামু লাহারি গৌড় (৫০)-কে গুলি করে খুন করা হয়। তদন্তে উঠে আসে, ধার দেওয়া ৫ লক্ষ টাকা ফেরত না পাওয়ায় বিবাদ তৈরি হয়। এরপর মূল অভিযুক্ত সুনীল রজক ২ লক্ষ টাকার সুপারি দিয়ে রাজেশ রবীদাসকে দিয়ে এই খুন করায়।
এই ঘটনায় আগে সুনীল রজক-সহ দু’জনকে গ্রেফতার করা হয় এবং ২০২৬ সালের মার্চে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে মূল শ্যুটার রাজেশ এতদিন পলাতক ছিল।
প্রযুক্তিগত তদন্তের ভিত্তিতে অবশেষে তাকে ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত একজন সিরিয়াল অপরাধী এবং এর আগেও সুপারি নিয়ে খুনের ঘটনায় জড়িত ছিল। ট্রানজিট রিমান্ডে তাকে মুম্বইয়ে আনা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক