
পূর্ব মেদিনীপুর, ২১ এপ্রিল ( হি. স.) : পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার ইঙ্গিত দিয়ে মঙ্গলবার হলদিয়ার নির্বাচনী সভা থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিলেন, আগামী দিনে মেদিনীপুর জেলায় দলের সংগঠন মজবুত করা এবং উন্নয়নের তদারকির মূল দায়িত্ব সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন অধিকারী পরিবারের নাম না করে তাঁদের কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “একই পরিবারের একাধিক সদস্য এখানে সাংসদ ও বিধায়ক হয়ে বসে আছেন। অথচ আমার পরিবার থেকে আমি একাই নির্বাচনে লড়ি।” অভিষেককে লক্ষ্য করে বিরোধীদের ক্রমাগত আক্রমণের জবাবে মমতা সাফ জানান, তাঁকে গালিগালাজ করে দমানো যাবে না এবং মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়েই তিনি আগামী দিনে রাজনৈতিক লড়াই পরিচালনা করবেন।
২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেন যে, এবারও নন্দীগ্রামের মতো গণনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারচুপির চেষ্টা হতে পারে। তিনি দলীয় কর্মীদের সতর্ক থাকার কড়া নির্দেশ দেন। একইসঙ্গে হলদিয়ার শিল্পাঞ্চল থেকে ‘কাটমানি’ আদায় এবং নন্দীগ্রামের নানা বিতর্কিত ঘটনা নিয়ে সরব হয়ে তিনি এই পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
মেদিনীপুরকে তৃণমূলের সাংগঠনিক শক্তিতে আরও বলীয়ান করতেই যে অভিষেককে সামনে আনা হচ্ছে, মমতার এই ঘোষণার পর রাজনৈতিক মহলে তা স্পষ্ট হয়ে গেল।
হিন্দুস্থান সমাচার / সোনালি