
দক্ষিণ ২৪ পরগনা, ২১ এপ্রিল (হি.স.): ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং পূর্ব বিধানসভার দেউলি ১ অঞ্চলের বেদেমারি বাজারে। অভিযোগ, আইএসএফ কর্মীরা দলীয় পতাকা লাগানো সময়ে তাদের মারধর করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন আরাবুল। তাঁর গাড়িতে ভাঙচুর চলে। প্রতিবাদে আরাবুলের নেতৃত্বে ঘটকপুকুর চৌমাথায় বাসন্তী হাইওয়ে অবরোধ শুরু হয়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় মিনাখাঁ লাগোয়া দেউলিতে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গিয়ে স্থানীয়দের উপর লাঠিচার্জ করে।
প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন আইএসএফ কর্মীরা। বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর চৌমাথা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। আরাবুল বলেন, ওরা ওখানে ভোট করতে দেয় না। যাঁরাই প্রার্থী হয়, তাঁদের ওপর হামলা চালায়। নেতৃত্বের ওপর হামলা চালায়। আমি এতদিন বিশ্বাস করিনি। কিন্তু আমার ওপরেই যখন হামলা হল, প্রমাণ পেলাম। আমাকে মেরে দেওয়ার চেষ্টা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ