
উত্তর ২৪ পরগনা, ২২ এপ্রিল (হি.স.): দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিউ ব্যারাকপুরের অদ্রদূত ময়দানে বিজেপির সভামঞ্চ থেকে থেকে অনুপ্রবেশ নিয়ে তোপ দাগলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিজেপি প্রার্থীদের জন্য আপনাদের ভোট দিতে হবে না। কিন্তু পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করার জন্য আপনাদের ভোট দিতে হবে। কলকাতার হারানো গৌরবকে ফেরানোর জন্য ভোট দিতে হবে। দিদির রাজত্বে, কমিউনিস্টদের রাজত্বে গোটা শহর বস্তির শহর হয়ে রয়ে গিয়েছে। দেশে এমন অনেক শহর রয়েছে যেগুলি বস্তিমুক্ত হয়ে উঠেছে। কিন্তু দিদি তার প্রয়োজন মনে করেন না। তিনি বস্তিতে অনুপ্রবেশকারীদের জায়গা দিয়ে দিয়ে নিজের ভোটব্যাঙ্ক তৈরি করতে চান।
অমিত শাহ বলেন, আমি বিজেপির তরফ থেকে বলে যাচ্ছি, ৪ মে সকালে গণনা শুরু হবে। দিদি টাটা গুড বাই। শাহ বলেন, পশ্চিমবঙ্গে সুশাসনের শুরু হবে। কবিগুরু, মহর্ষি অরবিন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেমন সোনার বাংলার কথা ভেবেছিলেন, তেমন সোনার বাংলা তৈরির সূচনা করবে বিজেপির সরকার। বছরের পর বছর ধরে সন্দেশখালিতে পশ্চিমবঙ্গের মা-বোনেদের উপর অত্যাচার করেছে অনুপ্রবেশকারীরা। পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী চুপ করে থেকেছেন। কারণ, সেই অনুপ্রবেশকারী ছিল তৃণমূলের নেতা। মমতাকে বিঁধে শাহ বলেন, মহিলা মুখ্যমন্ত্রী হয়েও আপনি বলছেন, ৭টার পর কেন বেরোচ্ছেন? পশ্চিমবঙ্গের সব মা-বোনকে আমি বলে যাচ্ছি, ৫ মে’র পরে একটি ছোট মেয়েও স্কুটিতে বেরোলে, কোনও গুন্ডা তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। এখন তৃণমূলের গুন্ডারা কলোনিতে গিয়ে, বড় বড় ফ্ল্যাটে গিয়ে বলছে, বেরোবেন না। ২৯ তারিখ সমস্যা হবে। আমি তৃণমূলের গুন্ডাদের বলে যাচ্ছি, ২৯ তারিখ বেরোবেন না। বেরোলে গুন্ডাদের সমস্যা হবে।
অমিত শাহ বলেন, দেশে শিল্পের শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। আজ এক এক করে শিল্প পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে। ৬ হাজার প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়েছে। দিদি আপনার কাটমানির লোকেরা শিল্পের পিছনে উঠেপড়ে লেগেছে। আজ শিল্প পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরে চলে যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ