‘তদন্তে মুখ্যমন্ত্রী ঢুকে পড়বেন কেউ কল্পনা করেনি’: আই-প্যাক মামলায় নজিরবিহীন মন্তব্য সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ২২ এপ্রিল ( হি. স. ) : আই-প্যাক মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উঠে এল এক চাঞ্চল্যকর দিক। মামলার শুনানি চলাকালীন বিচারপতি মন্তব্য করেন, তদন্তের প্রক্রিয়ার মধ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী ঢুকে পড়বেন, এমনটা কেউ কখনও কল্পনা করত
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ২২ এপ্রিল ( হি. স. ) : আই-প্যাক মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উঠে এল এক চাঞ্চল্যকর দিক। মামলার শুনানি চলাকালীন বিচারপতি মন্তব্য করেন, তদন্তের প্রক্রিয়ার মধ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী ঢুকে পড়বেন, এমনটা কেউ কখনও কল্পনা করতে পারেননি। এই মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় ও রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

সুপ্রিম কোর্টে এদিন এই মামলাটি যখন ওঠে, তখন কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয় যে, এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, রাজ্যের প্রাক্তন ডিজিপি-র আইনজীবী সওয়াল করেন যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকদের নিজস্ব কোনও স্বতন্ত্র অস্তিত্ব নেই; তাঁরা কেবল আইনের অধীনে দায়িত্ব পালনকারী ব্যক্তি মাত্র।

বিচারপতি এই মামলাটিকে অত্যন্ত ‘ব্যতিক্রমী’ হিসেবে বর্ণনা করে জানান যে, আদালত বাস্তব পরিস্থিতি থেকে চোখ সরিয়ে নিতে পারে না। তিনি বলেন, সংবিধান একটি জীবন্ত নথি। প্রতিটি নতুন পরিস্থিতি আদালতের সামনে নতুন প্রশ্ন তুলে ধরে এবং আদালতকে সেই প্রশ্নগুলির উত্তর দিতে হয়। সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা আদালতকে মাথায় রাখতে হয়।

আইনি ব্যাখ্যা পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বিচারপতি আরও যোগ করেন যে, নতুন নতুন পরিস্থিতি আসে বলেই আগের রায়গুলি অনেক সময় বাতিল করতে হয়। কাল আবার কোনও নতুন পরিস্থিতি তৈরি হলে সেই প্রশ্নগুলি নিয়ে আদালতকে নতুন করে ভাবতে হবে। একবারেই সব কিছু চিরতরে ঠিক হয়ে যায় না।

এদিন দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত জানিয়েছে যে, সংগৃহীত তথ্য বা পরিস্থিতি কতটা গ্রহণযোগ্য, সেটা আদালতই ঠিক করবে। বুধবারের শুনানি শেষে শীর্ষ আদালত জানিয়েছে, বৃহস্পতিবার ফের এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি হবে। নির্বাচনের আবহে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ এবং ‘মুখ্যমন্ত্রী’ প্রসঙ্গে বিচারপতির মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইনজ্ঞরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande