
উত্তর ২৪ পরগনা ও হুগলি, ২২ এপ্রিল ( হি. স.) : দীর্ঘ সময় পর পশ্চিমবঙ্গে সুশাসনের সূর্যোদয় হতে চলেছে। বুধবার রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী জনসভা ও রোড-শো থেকে এভাবেই পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। দমদম উত্তর, হাবড়া এবং হুগলির সপ্তগ্রামের সভা থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, কবিগুরুর স্বপ্ন, মহর্ষি অরবিন্দ ও ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 'সোনার বাংলা' গড়ার কাজ শুরু করবে বিজেপি সরকার।
দমদম উত্তরের নিউ ব্যারাকপুরের অদ্রদূত ময়দান থেকে অমিত শাহ রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করেন। আর জি কর থেকে শুরু করে দক্ষিণ কলকাতা ল কলেজ ও দুর্গাপুর মেডিকেল কলেজের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, মমতা দিদির আমলে বাংলার মেয়েরা আজ নিরাপত্তাহীন। অথচ মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো প্রশ্ন তোলেন রাত ৭টার পর মেয়েরা কেন বাইরে বের হবে। তিনি প্রতিশ্রুতি দেন, ৫ মে-র পর বিজেপি সরকার ক্ষমতায় এলে কোনো গুন্ডা আমাদের মা-বোনেদের দিকে কুদৃষ্টিতে তাকানোর সাহস পাবে না। ছোট ছোট মেয়েরা নির্ভয়ে স্কুটার চালিয়ে ঘুরবে।
হাবড়া ও সপ্তগ্রামের সভা থেকে শাহের নিশানায় ছিল অনুপ্রবেশ সমস্যা। তিনি সাফ জানান, পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে বিজেপিকে ভোট দেওয়া প্রয়োজন। তাঁর অভিযোগ, অনুপ্রবেশকারীরা রাজ্যের তরুণদের চাকরি এবং গরিবদের রেশন কেড়ে নিচ্ছে। শাহ বলেন, মমতা দিদি তাঁর ভোটব্যাঙ্ক বাঁচাতে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন। আমরা ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে জমি দেব এবং বেছে বেছে অনুপ্রবেশকারীদের দেশছাড়া করব। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে ৬ হাজার শিল্প প্রতিষ্ঠান কাটমানি ও সিন্ডিকেট রাজের ভয়ে বাংলা ছেড়েছে, তাদের পুনরায় ফিরিয়ে এনে বেকারত্বের সমস্যার সমাধান করা হবে।
তৃণমূল নেতা হুমায়ুন কবিরের মন্তব্যের প্রেক্ষিতে শাহ বলেন, মমতা দিদি ও তাঁর অনুগামীরা এখানে বাবরি মসজিদ বানাতে চান। আমি পরিষ্কার বলে দিচ্ছি, বিজেপি বাংলায় কোনোভাবেই বাবরি মসজিদ গড়তে দেবে না। এছাড়াও তিনি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকরের ইঙ্গিত দিয়ে বলেন, কারও চার বিয়ে করা উচিত নয়। বিজেপি ক্ষমতায় এলে তিন তালাক বিলুপ্তির পাশাপাশি চার বিয়ে করার প্রথাও বন্ধ করবে।
রাজ্যের সাধারণ মানুষের জন্য একগুচ্ছ জনমোহিনী ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বিজেপি সরকার গড়লে প্রতি মাসে মা-বোনেদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা দেওয়া হবে। এছাড়া গঙ্গাসাগর থেকে দার্জিলিং পর্যন্ত সরকারি বাসে মহিলাদের কোনো ভাড়া লাগবে না। বেকারদের জন্য প্রতি বছর ১ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নিয়োগপত্র পৌঁছে যাবে সরাসরি বাড়িতে। পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের সুবিধা এবং বকেয়া ডিএ প্রদানের কথা পুনরায় স্মরণ করিয়ে দেন তিনি।
আজকের সভাগুলির মাঝে অমিত শাহ একটি বর্ণাঢ্য রোড-শো-তে অংশ নেন। বিকেলের দিকে নির্ধারিত রুটে হুডখোলা জিপে চড়ে প্রচার চালান তিনি। রাস্তার দু’পাশে ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। রাস্তার মোড়ে মোড়ে পুষ্পবৃষ্টি এবং শঙ্খধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে শাহ দাবি করেন, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণবঙ্গে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে এবং মানুষ ভয়ের শাসন থেকে মুক্তি চাইছে।
রাহুল গান্ধীকে আক্রমণ করে শাহ বলেন, তামিলনাড়ু ও পুদুচেরিতে কংগ্রেস দুই অঙ্ক পার করতে পারবে না, আর বাংলায় তারা খাতা খুলতেই পারবে না। মমতাকে বিঁধে তিনি বলেন, দিদির একমাত্র লক্ষ্য নিজের ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানো। কিন্তু আমি কথা দিচ্ছি, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন ভূমিপুত্র, যিনি বাংলা মাধ্যমে শিক্ষিত এবং মনেপ্রাণে বাঙালি।
নির্বাচনী প্রচারে অমিত শাহের আজকের এই ঝোড়ো সফর রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল। ৫ মে-র পর 'আসল পরিবর্তন'-এর যে কথা তিনি বারবার বলছেন, তার প্রতিফলন ব্যালট বাক্সে কতটা পড়ে, এখন সেটাই দেখার।
হিন্দুস্থান সমাচার / সোনালি