
নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.):
যুবসমাজের কর্মসংস্থানযোগ্যতা ও শিল্পক্ষেত্রে প্রস্তুতি বাড়াতে বড় পদক্ষেপ নিল কর্পোরেট বিষয়ক মন্ত্রক । প্রধানমন্ত্রীর প্রশিক্ষণ প্রকল্প (পিএমআইএস )-এর পাইলট পর্যায়ে যোগ্যতার মানদণ্ড সম্প্রসারণ করা হয়েছে।অর্থাৎ, এই প্রকল্পটি এখন পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে কার্যকর করা হচ্ছে, যাতে এর কার্যকারিতা, বাস্তবায়ন পদ্ধতি এবং অংশগ্রহণকারী সংস্থাগুলোর প্রতিক্রিয়া যাচাই করা যায়। সফলভাবে পর্যালোচনা সম্পন্ন হলে ভবিষ্যতে এটি আরও বিস্তৃতভাবে দেশের বিভিন্ন ক্ষেত্রে চালু করা হবে। এর ফলে এখন থেকে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের চূড়ান্ত বর্ষের পড়ুয়ারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
বুধবার মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ১৮ থেকে ২৫ বছর বয়সি চূড়ান্ত বর্ষের পড়ুয়ারা এখন দেশের শীর্ষ সংস্থাগুলিতে পিএমআইএস পোর্টালে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রক উচ্চশিক্ষা বিভাগের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, আবেদন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) জমা দিতে হবে। এতে উল্লেখ থাকবে যে, ইন্টার্নশিপ তাদের পড়াশোনায় কোনও বাধা সৃষ্টি করবে না। সংশ্লিষ্ট বিভাগের প্রধান, ডিন, অধ্যক্ষ বা ট্রেনিং ও প্লেসমেন্ট আধিকারিকের স্বাক্ষর এতে বাধ্যতামূলক।
এই উদ্যোগটি ন্যাশনাল এডুকেশন পলিসি-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে অভিজ্ঞতামূলক শিক্ষা, শিল্পক্ষেত্রের সঙ্গে সংযোগ এবং ব্যবহারিক প্রশিক্ষণকে উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন, যা তাদের সমস্যা সমাধানের দক্ষতা, যোগাযোগ ক্ষমতা এবং দলগত কাজের মানোন্নয়নে সহায়তা করবে।
প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের প্রতি মাসে ন্যূনতম ৯,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাইলট পর্যায়ে ইতিমধ্যেই ৩০০-র বেশি সংস্থা যুক্ত হয়েছে, যারা বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ প্রদান করছে। বর্তমানে এই প্রকল্পের তৃতীয় ধাপ চালু রয়েছে, যেখানে নিয়মিতভাবে নতুন ইন্টার্নশিপ পোস্ট করা হচ্ছে।
যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে আবেদন করে নিজেদের আগ্রহ ও কেরিয়ার লক্ষ্য অনুযায়ী ইন্টার্নশিপ বেছে নিতে পারবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য