
ইটানগর, ২২ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্রদেশের কুরুঙ কুমেই জেলার একটি উপ-কারাগার থেকে পালিয়েছিল এক খুনের দণ্ডপ্রাপ্ত আসামী বিরজু ভূমিজ। আজ সকালে পুনরায় তাকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার জেল সুপারিনটেনডেন্ট ডেভিড কয়ু জানান, মঙ্গলবার সন্ধ্যারাত প্রায় সাতটার দিকে কোলোরিয়াং উপ-কারাগার থেকে পালিয়েছিল ২০১৪ সালে দোষী সাব্যস্ত খুনের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী বিরজু ভূমিজ। জ্বর হয়েছে, এজন্য শারীরিক অসুস্থতা বোধ করছে বলে সে গরম জল চায়। এতে জেল প্রহরী তাকে রান্নাঘরে যাওয়ার অনুমতি দেন। সেই সুযোগে সে জেল চত্বর থেকে পালিয়ে যায়।
পালানোর সঙ্গে সঙ্গে গোটা এলাকাজুড়ে ব্যাপক তালাশি অভিযান শুরু করা হয়। একচোখা-বিশিষ্ট ফেরার সাজাপ্রাপ্তের ছবি ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন মাধ্যমে।
এদিকে আজ বুধবার সকালে স্থানীয় কয়েকজন মহিলা কোলোরিয়াং শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নিকজা গ্রামের দিকে এক সন্দেহজনক ব্যক্তিকে মাঠের দিকে যেতে দেখেন। তার এক চোখের বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করে তাঁরা সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশকে।
প্ৰাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সকাল প্রায় ১১টার দিকে বিরজু ভূমিজকে পুনরায় গ্রেফতার করেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস