প্রধানমন্ত্রী মোদীকে ‘সন্ত্রাসবাদী’ বলে সব সীমা অতিক্রম করেছেন মল্লিকার্জুন : অসম বিজেপি
- এটা বিরোধী রাজনীতি নয়, পাকিস্তানের কণ্ঠস্বরের প্রতিধ্বনি : ড. দেবজিৎ গুয়াহাটি, ২২ এপ্রিল (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদীকে ‘সন্ত্রাসবাদী’ বলে সব সীমা অতিক্রম করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খাড়গের এই আখ্যা কোনওভাব
মল্লিকার্জুন খাড়গে ও নরেন্দ্ৰ মোদী (ফাইল ফটো)


- এটা বিরোধী রাজনীতি নয়, পাকিস্তানের কণ্ঠস্বরের প্রতিধ্বনি : ড. দেবজিৎ

গুয়াহাটি, ২২ এপ্রিল (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদীকে ‘সন্ত্রাসবাদী’ বলে সব সীমা অতিক্রম করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খাড়গের এই আখ্যা কোনওভাবে বিরোধী রাজনীতি নয়, এটা পাকিস্তানের কণ্ঠস্বরের প্রতিধ্বনী, বলেছেন অসম প্রদেশ বিজেপি।

আজ বুধবার এক প্রেস বিবৃতিতে অসম প্রদেশ বিজেপির মুখপাত্র ড. দেবজিৎ মহন্ত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘সন্ত্রাসবাদী’ বলে প্রদত্ত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একে অত্যন্ত অসংবেদনশীল ও গণতান্ত্রিক আদর্শের পরিপন্থী বলে উল্লেখ করেছেন।

ড. দেবজিৎ বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত আপত্তিজনক এবং এটি রাজনৈতিক আলোচনা-সমালোচনার মানদণ্ডের এক উদ্বেগজনক অবনতি নির্দেশ করে। ভারতের মতো একটি সক্রিয় গণতন্ত্রে মতাদর্শ ও নীতিতে ভিন্নতা স্বাভাবিক। কিন্তু একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের অপমানজনক ভাষার ব্যবহার কেবল একজন ব্যক্তিকেই নয়, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদাকেও আঘাত করেছে।

তবে এটা প্রথম নয়, মল্লিকার্জুন খাড়গে জনসাধারণের অনুভূতির প্রতি অসংবেদনশীল মন্তব্য করেছেন একাধিকবার। অসম-সন্তান সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকাকে অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘ভারতরত্ন’ প্রদান করা হলে, তখনও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রশ্ন তুলেছিলেন, একজন গায়ককে কেন ভারতরত্ন দেওয়া হলো। এছাড়া, খাড়গের পুত্র প্রিয়াঙ্ক খাড়গে অসমে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রয়োজনীয় প্রতিভার অভাব রয়েছে বলে মন্তব্য করে অসমের যুবসমাজের প্রতি অবজ্ঞাসূচক ও অসম্মানজনক বক্তব্য দিয়েছিলেন।

এ ধরনের পুনরাবৃত্ত ঘটনা কংগ্রেস দলের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতি তাদের শ্রদ্ধা ও সম্মানের ওপর গুরুতর প্রশ্ন তোলে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের ভিত্তিহীন ও উস্কানিমূলক মন্তব্য এ সব প্রচেষ্টাকে অবমূল্যায়ন করে এবং জাতীয় সমস্যার মোকাবিলায় প্রয়োজনীয় ঐক্যের মনোভাবকে দুর্বল করে।

অসম প্রদেশ বিজেপি মল্লিকার্জুন খাড়গের এই মন্তব্যকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে। দলের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত একজন সভাপতির কাছ থেকে এ ধরনের মন্তব্য অনুচিত বলেও উল্লেখ করেছে অসম বিজেপি।

অসম প্রদেশ বিজেপির মুখপাত্র ড. দেবজিৎ মহন্ত মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস নেতৃত্বকে সংযম বজায় রাখতে, গণতান্ত্রিক মূল্যবোধকে সম্মান করতে এবং জনসমক্ষে বক্তব্য দেওয়ার সময় শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, তিনি এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস দলকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande