
গুয়াহাটি, ২২ এপ্রিল (হি.স.) : অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্মশ্রী হিতেশ্বর শইকিয়ার ৩০-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গুয়াহাটির রাজীব ভবনে আয়োজিত এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন দলীয় নেতা-কর্মীরা।
অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ এক বিবৃতিতে অসমের সকল জাতি-জনগোষ্ঠীর সমবিকাশের লক্ষ্যে কঠিন পরিস্থিতিতেও উন্নয়নমূলক কাজ পরিচালনাকারী প্রয়াত মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে নতুন প্রজন্মকে হিতেশ্বর শইকিয়ার কর্মপ্রেরণাকে আদর্শ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
গুয়াহাটির রাজীব ভবনে আজ সকাল ১১:৩০টায় কামরূপ মহানগর জেলা কংগ্রেস কমিটির সভাপতি স্বপন দাস প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শুরু করেন। প্রয়াত নেতার আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রৌশন ছেত্রী, উমেশ ডেকা, প্রশান্ত মজুমদার সহ বহু নেতা-কর্মী।
প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্মশ্রী হিতেশ্বর শইকিয়ার স্মৃতিচারণ করে প্রদেশ কংগ্রেসের মিডিয়া বিভাগের সভাপতি বেদব্রত বরা বলেন, অসমের বিভিন্ন জাতি-জনগোষ্ঠী ও ভূমিপুত্রদের সমবিকাশের জন্য তিনি কাজ করেছিলেন। সে সময়ে উদ্ভূত জটিল পরিস্থিতিকে আলোচনার মাধ্যমে সমাধান করে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন কর্মশ্রী হিতেশ্বর শইকিয়া।
হিতেশ্বর শইকিয়া অসমের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য সর্বদা সচেষ্ট ছিলেন, যার ফলে রাজ্যের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশ সজীব ছিল বলেন তিনি।
রাজ্যপাল (মিজোরাম) হিসেবেও হিতেশ্বর শইকিয়া দক্ষতার সঙ্গে কাজ করে দেশের সংবিধান ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন। গুয়াহাটির রাজীব ভবনের পাশাপাশি আজ শিবসাগর এবং অন্যান্য জেলায়ও প্রয়াত এই নেতার মৃত্যুবার্ষিকী পালন করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস