

হাফলং (অসম), ২২ এপ্রিল (হি.স.) : এখনও বর্ষার মরশুম আসেনি। এরই মধ্যে বৈশাখের অবিরাম বৃষ্টিতে ডিমা হাসাও জেলান্তর্গত হাফলং-শিলচর জাতীয় মহাসড়কে দফায় দফায় ধস নেমেছে।
আজ বুধবার দিনে ভারী বৃষ্টিপাতের পর জাটিঙ্গা ও হারাঙ্গাজাওয়ের মধ্যবর্তী দলইচুং এলাকায় প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ি ঢাল থেকে মাটি সড়কের ওপর নেমে আসায় দলইচুঙার কাছে পুরনো ৫৪ নম্বর জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকালের দিকে ধসের মাটি সরিয়ে ফেলা হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
কিন্তু সন্ধ্যায় আবার শুরু হয় বৃষ্টি। এতে দলাইচুঙায় ধস নেমে ফের জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ে। সন্ধ্যায় বৃষ্টির জেরে দলইচুঙায় পুনরায় পাহাড় থেকে মাটি, বড় বড় গাছ ভেঙে পড়ায় হাফলং-শিলচর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ধস নামায় দলইচুঙায় রাস্তার দু-পাশে বহু যানবাহন আটকে রয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব