
কলকাতা, ২২ এপ্রিল (হি. স.) : সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। রাজ্যের ১৬টি জেলার মোট ১৫২টি আসনে এই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রস্তুতি সর্বাঙ্গীন ও সুসংগঠিত। এই দফায় মোট ১,৪৭৮ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য ইভিএম-এ বন্দি হতে চলেছে। এর মধ্যে পুরুষ প্রার্থী ১,৩১১ জন এবং মহিলা প্রার্থী ১৬৭ জন থাকলেও এই পর্বে কোনও তৃতীয় লিঙ্গের প্রার্থী নেই। প্রার্থী সংখ্যার নিরিখে কোচবিহার দক্ষিণ, করণদীঘি এবং ইটাহার কেন্দ্র শীর্ষে রয়েছে, যেখানে প্রতিটি কেন্দ্রে ১৫ জন করে প্রার্থী লড়ছেন। বিপরীতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা কেন্দ্রে প্রার্থী সংখ্যা সর্বনিম্ন, মাত্র ৫ জন। ভৌগোলিক আয়তনের দিক থেকে বৃহত্তম কেন্দ্র কালিম্পং এবং ক্ষুদ্রতম কেন্দ্র হলো শিলিগুড়ি।
ভোটার সংখ্যার বিচারে পশ্চিম মেদিনীপুরের দাসপুর কেন্দ্রে সর্বাধিক এবং মুর্শিদাবাদের শামশেরগঞ্জ কেন্দ্রে সবচেয়ে কম ভোটার রয়েছেন। প্রথম দফায় মোট ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন এবং মহিলা ভোটার ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। এছাড়া ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। নতুন ভোটারদের মধ্যে ১৮-১৯ বছর বয়সী ৪ লক্ষ ৫ হাজার ৭১৮ জন এবার প্রথমবার ভোট দেবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, রাজ্যে ১০০ বছরের বেশি বয়সী ৪,০২৫ জন ভোটার এবং ৮৫ বছরের ঊর্ধ্বে ২ লক্ষ ৪ হাজার ৬১৮ জন ভোটার রয়েছেন। এ ছাড়া ২ লক্ষ ৫৩ হাজার ২৪৪ জন প্রতিবন্ধী ভোটার এবং ৪৩ জন এনআরআই ভোটার এই তালিকায় অন্তর্ভুক্ত।
আসন বিন্যাস অনুযায়ী ১০৩টি সাধারণ আসন এবং সংরক্ষিত আসনের মধ্যে ৩৪টি তফসিলি জাতি ও ১৫টি তফসিলি উপজাতির জন্য রাখা হয়েছে। ভোটগ্রহণের জন্য মোট ৪৪,৩৭৬টি পোলিং স্টেশন তৈরি করা হয়েছে, যার মধ্যে ২,৯৫৮টি সহায়ক কেন্দ্র। নারী ক্ষমতায়নের লক্ষ্যে ৫,৬৪৪টি বুথ সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে। এছাড়া প্রতিবন্ধীদের দ্বারা পরিচালিত হবে ২টি বুথ এবং মডেল পোলিং স্টেশন রাখা হয়েছে ২০৭টি। প্রতিটি বুথে স্বচ্ছতা বজায় রাখতে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং গড়ে প্রতিটি বুথে ভোটার সংখ্যা ৮১৩ জন। প্রযুক্তিগত প্রস্তুতিতে কোনও খামতি না রেখে কমিশন ৫৯,৭৭৭টি ব্যালট ইউনিট, ৫৯,৯৮০টি কন্ট্রোল ইউনিট এবং ৬৪,৪৬৬টি ভিভিপিএটি মোতায়েন করেছে। প্রথম দফার এই বৃহৎ গণতান্ত্রিক প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে প্রশাসন এখন চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত