
তমলুক, ২২ এপ্রিল (হি. স.) :- পূর্ব মেদিনীপুরের তমলুকে নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। বুধবার তমলুক বিধানসভার বিজেপি নেতা দিবাকর জানার কার্যালয়ে অর্থ ও শাড়ি বিলির অভিযোগে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে চাঞ্চল্য ছড়ায়। কাঁকটিয়া এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে প্রায় ৪০ মিনিট ধরে তল্লাশি চালানো হয়।তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে বিজেপি প্রার্থীর সমর্থনে ওই কার্যালয় থেকে নগদ টাকা ও শাড়ি বিতরণ করা হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ হানা দেয় বলে জানা যায়। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং রাজনৈতিক তরজা তীব্র আকার নেয়।অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দিবাকর জানা। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে দিশেহারা হয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে পুলিশকে ব্যবহার করছে। তল্লাশিতে কিছুই মেলেনি বলেও তিনি জানান।এদিকে অভিযোগকারী তৃণমূল নেতা সুমিত সামন্ত বলেন, সাধারণ মানুষের কাছে বিষয়টি পৌঁছে দিতে এবং প্রশাসনের হস্তক্ষেপ নিশ্চিত করতেই এই অভিযোগ করা হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে তমলুক জুড়ে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়