
নদিয়া, ২২ এপ্রিল (হি. স.):- নদিয়ার চাকদহে নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবারের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসঙ্গ তুলে ধরেন এবং শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন।ভাষণের শুরুতেই তিনি বলেন, বাংলা সেই মাটি, যা দেশকে জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র উপহার দিয়েছে। এই ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি বাংলার প্রতি শ্রদ্ধা জানান। তবে এরপরই তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তিনি অভিযোগ করেন, রাজ্যে সাংস্কৃতিক মূল্যবোধের অবমাননা হচ্ছে।যোগী আদিত্যনাথ-এর দাবি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বা ভারতমাতার ছবি থাকার কথা, সেখানে জোর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছে। তিনি এই ঘটনাকে বাংলার সাংস্কৃতিক পরিচয়ের উপর আঘাত বলে অভিহিত করেন।তার বক্তব্যে তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা শুধু বাংলার সম্মানকেই ক্ষুণ্ন করছে না, বরং ভারতীয় সংস্কৃতির প্রতিও অসম্মান প্রদর্শন করছে। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়