
আসানসোল, ২২ এপ্রিল (হি. স.):- পশ্চিম বর্ধমান জেলার নয়টি আসনে বৃহস্পতিবারের ভোটকে সামনে রেখে পরিবহণ সংকটে ভুগছেন আসানসোলের সাধারণ মানুষ। নির্বাচন কমিশনের নির্দেশে শহর ও শিল্পাঞ্চলের বিভিন্ন রুটের বাস ও মিনিবাস ভোটের কাজে নিয়োগ করা হওয়ায় কার্যত বন্ধ হয়ে পড়েছে নিয়মিত বাস পরিষেবা। ফলে নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।বুধবার সকালে জিটি রোডের সিটি বাসস্ট্যান্ডে দেখা যায়, বাসের অভাবে যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও যানবাহন পাচ্ছেন না। এই পরিস্থিতির সুযোগ নিয়ে অটো ও টোটো চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। যাত্রীরা জানান, আগে যেখানে ১০ থেকে ২০ টাকায় যাতায়াত করা যেত, সেখানে এখন জনপ্রতি ১০০ টাকা পর্যন্ত ভাড়া চাওয়া হচ্ছে।এমন পরিস্থিতিতে শুধু সাধারণ মানুষই নন, ভোটকর্মীরাও সমস্যায় পড়েছেন। অনেকেই জানিয়েছেন, নির্ধারিত কেন্দ্রে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তাঁরা। অন্যদিকে অটোচালকদের দাবি, অতিরিক্ত ভাড়া নেওয়া হলেও তাঁরা জরুরি পরিস্থিতিতে পরিষেবা দিচ্ছেন।যদিও আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া অতিরিক্ত ভাড়ার অভিযোগ অস্বীকার করেছেন, বাস্তবে চিত্র ভিন্ন বলেই অভিযোগ যাত্রীদের একাংশের। নির্বাচন উপলক্ষে বিকল্প পরিবহণ ব্যবস্থা না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়