পুরনো ভোটার তালিকায় নির্বাচন হলেও জিতবে বিজেপি, হরিপালে দাবি শমীক ভট্টাচার্যের
হুগলি, ২২ এপ্রিল ( হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে আত্মবিশ্বাসী সুর শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলায়। বুধবার হুগলির হরিপালে এক রাজনৈতিক কর্মসূচি থেকে তিনি দাবি করেন, রাজ্য সরকার বা নির্বাচন কমিশন যদি পুরনো ভোটার তাল
শমীক ভট্টাচার্য


হুগলি, ২২ এপ্রিল ( হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে আত্মবিশ্বাসী সুর শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলায়। বুধবার হুগলির হরিপালে এক রাজনৈতিক কর্মসূচি থেকে তিনি দাবি করেন, রাজ্য সরকার বা নির্বাচন কমিশন যদি পুরনো ভোটার তালিকার ভিত্তিতেও নির্বাচন করায়, তবুও ভারতীয় জনতা পার্টি বিপুল জয় হাসিল করবে।

এদিন হরিপালের জনসভা থেকে শমীক ভট্টাচার্য স্পষ্ট জানান যে, বিজেপি নির্বাচনে জেতার জন্য কেবল নির্বাচন কমিশনের ওপর নির্ভরশীল নয়। তাঁর দাবি, বর্তমানে নিচুতলার মানুষের সমর্থন তাঁদের দলের সঙ্গেই রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের শাসনের সময় যে শেষ হয়ে এসেছে, তা এখন স্পষ্ট। ভোটার তালিকা সংশোধন নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে তিনি বলেন, যদি পুরনো ভোটার তালিকার ভিত্তিতেই নির্বাচন হয় এবং যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে তাদেরও যদি পুনরায় যুক্ত করা হয়, তবুও বিজেপিই জয়ী হবে। কারণ মানুষ মনস্থির করে ফেলেছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই -এর তৎপরতা নিয়ে শাসকদলের সমালোচনার জবাবে শমীক ভট্টাচার্য বলেন, এই সব আইনি প্রক্রিয়ায় সাধারণ মানুষের বিশেষ আগ্রহ নেই। তাঁর মতে, নির্বাচনের সময় সাধারণ মানুষের প্রধান লক্ষ্য

হলো রাজ্যে ক্ষমতার পরিবর্তন এবং তৃণমূলের অপশাসন থেকে মুক্তি পাওয়া।

তৃণমূল কংগ্রেসের ওপর সাধারণ মানুষের মোহভঙ্গ হয়েছে বলে দাবি করে তিনি জানান, আগামী নির্বাচনে পরিবর্তন কেবল সময়ের অপেক্ষা। ভোটার তালিকা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চাপানউতোর চললেও, শমীক ভট্টাচার্যের এই মন্তব্য হুগলি তথা রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande