
খুঁটি, ২২ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের খুঁটি-সিমডেগা প্রধান সড়কে বুধবার একটি দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। তোরপা থানা এলাকার দিয়াঙ্কেল গ্রামের কাছে ইস্পাতজাত সামগ্রী বহনকারী একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে খাদে গড়িয়ে পড়ে। তবে স্বস্তির খবর, ট্রেলারটির চালক সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছেন।
এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রেলারটি দুর্গাপুর থেকে ইস্পাতজাত পণ্য বোঝাই করে ভিলাইয়ের উদ্দেশে রওনা হয়েছিল। বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাককে এড়িয়ে যেতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে যানটি রাস্তা থেকে ছিটকে কালভার্টের নিচে খাদে পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও তোরপা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস