
হাওড়া, ২২ এপ্রিল (হি. স.):- হাওড়ার বালিতে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ২৫ এপ্রিল বালি এসি মাঠে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা জনসভা ঘিরে জোর প্রস্তুতি চলছে। দলীয় নেতৃত্বের দাবি, এই সভায় প্রায় ২০ হাজার মানুষের সমাগম হবে এবং সেখান থেকেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবেন তিনি।এদিন সাংবাদিক সম্মেলনে হাওড়া জেলার সাধারণ সম্পাদক ভাস্কর গোপাল চ্যাটার্জি এবং বালি টাউন সভাপতি অভিজিৎ গাঙ্গুলী একাধিক ইস্যু তুলে ধরেন। তাঁরা বলেন, বালির শান্ত পরিবেশ নষ্ট করতে বাইরে থেকে কেউ এলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে। “বালি আক্রান্ত হলে বালিই জবাব দেবে,”—এই বার্তাই স্পষ্টভাবে তুলে ধরা হয়। ২৭ এপ্রিল প্রচার শেষের পর বহিরাগতদের উপর নজরদারি বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ‘কেনাবেচার রাজনীতি’র অভিযোগ তুলে একটি অডিও ক্লিপ প্রকাশ করে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, বালির বিভিন্ন ক্লাব ও যুবকদের টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা চলছে। যদিও তৃণমূলের বক্তব্য, বালির মানুষ উন্নয়নের পক্ষেই আছেন এবং তাঁরা কোনওভাবেই বিক্রয়যোগ্য নন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়