
আরামবাগ, ২২ এপ্রিল (হি.স.):
আরামবাগে বিজেপির মহিলা মোর্চার কর্মী সম্মেলনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। বুধবার আরামবাগ বিধানসভার গৌরাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী হেমন্ত বাগ -এর সমর্থনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিজেপির একাধিক মহিলা নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় মহিলাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বক্তৃতায় মহিলা নেতৃত্বরা অভিযোগ করেন, রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেসের আমলে নারীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
তাঁদের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মহিলারা নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন। এই পরিস্থিতির পরিবর্তন না হলে ভবিষ্যৎ আরও অনিশ্চিত হবে বলেও তারা মন্তব্য করেন।
বক্তারা আরও জানান, বিজেপি ক্ষমতায় এলে নারীদের সুরক্ষা ও সংরক্ষণের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মহিলাদের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথাও তারা তুলে ধরেন।
সভা থেকে বিজেপি নেতৃত্ব কর্মীদের আরও সংগঠিত হয়ে নির্বাচনী ময়দানে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সব মিলিয়ে, ভোটের আগে এই ধরনের কর্মসূচি রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA