
হুগলি , ২২ এপ্রিল (হি.স.): নির্বাচনী প্রচারে জোর দিচ্ছেন গোঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার । বুধবার তিনি গোঘাট ২ নম্বর ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের কয়রাখালী, লালুকা সহ একাধিক এলাকায় প্রচার চালান। এই প্রচারে মহিলাদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো, যা বিজেপি শিবিরে বাড়তি উৎসাহ সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রচারের সময় প্রার্থী প্রশান্ত দিগার এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। বিশেষ করে মহিলাদের সঙ্গে আলাপচারিতায় তিনি একাধিক প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
তিনি জানান, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে “অন্নপূর্ণা ভাণ্ডার” প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাঁর দাবি, এই প্রকল্পের উদ্দেশ্য মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো।
এছাড়া তিনি রাজ্যের সামগ্রিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলার উন্নতির বিষয়েও বক্তব্য রাখেন। এদিনের প্রচারে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও উল্লেখযোগ্য ছিল।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনে আরও বিস্তৃত জনসংযোগ কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA