আগরতলায় গহনার দোকানে আকস্মিক অভিযান, ওজন যন্ত্রে অনিয়ম ধরা পড়ায় চাঞ্চল্য
আগরতলা, ২২ এপ্রিল (হি.স.) : স্বর্ণালঙ্কারের ওজনে অনিয়ম সংক্রান্ত গ্রাহকদের একাধিক অভিযোগের প্রেক্ষিতে বুধবার আগরতলায় একটি গহনার দোকানে আকস্মিক অভিযান চালায় সদর লিগ্যাল মেট্রোলজি বিভাগের একটি দল। শহরের অন্যতম পরিচিত গহনার প্রতিষ্ঠান বসুন্ধরা জুয়
গহনার দোকানে অভিযান


আগরতলা, ২২ এপ্রিল (হি.স.) : স্বর্ণালঙ্কারের ওজনে অনিয়ম সংক্রান্ত গ্রাহকদের একাধিক অভিযোগের প্রেক্ষিতে বুধবার আগরতলায় একটি গহনার দোকানে আকস্মিক অভিযান চালায় সদর লিগ্যাল মেট্রোলজি বিভাগের একটি দল। শহরের অন্যতম পরিচিত গহনার প্রতিষ্ঠান বসুন্ধরা জুয়েলার্স-এ চালানো এই অভিযানে একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ায় ক্রেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পরিদর্শন চলাকালীন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা দেখতে পান, দোকানে ব্যবহৃত তিনটি ওজন মাপার যন্ত্রের বৈধতার মেয়াদ এক বছরেরও বেশি আগে শেষ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী, এই ধরনের যন্ত্র নির্দিষ্ট সময় অন্তর যাচাই ও পুনঃপ্রমাণীকরণ করা বাধ্যতামূলক হলেও তা করা হয়নি। ফলে যন্ত্রগুলির নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

লিগ্যাল মেট্রোলজি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। কোনও পূর্ব ঘোষণা ছাড়াই দলটি দোকানে পৌঁছে সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা চালায়। অনিয়ম প্রমাণিত হওয়ার পর সংশ্লিষ্ট তিনটি যন্ত্র অবিলম্বে বাজেয়াপ্ত করে নিজেদের হেফাজতে নেওয়া হয়।

একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, “গ্রাহকদের স্বার্থ রক্ষাই আমাদের প্রধান লক্ষ্য। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিয়েছি। যন্ত্রগুলির মেয়াদোত্তীর্ণ হওয়া অত্যন্ত গুরুতর বিষয়, কারণ এর ফলে গ্রাহকরা প্রতারিত হতে পারেন।”

কর্তৃপক্ষ দোকানটির ব্যবস্থাপনাকে নির্দেশ দিয়েছে, এদিনের মধ্যেই সমস্ত ওজন মাপার যন্ত্র পুনরায় যাচাই করিয়ে বৈধ নথিপত্র সংগ্রহ করতে হবে। নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করে জানানো হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে শহরের গহনার দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এই সময়ে এমন অনিয়ম সামনে আসায় গ্রাহকদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, উৎসবের মরশুমে স্বচ্ছতা ও সঠিক ওজন নিশ্চিত করা ব্যবসায়ীদের নৈতিক ও আইনি দায়িত্ব।

এই ঘটনাকে কেন্দ্র করে লিগ্যাল মেট্রোলজি বিভাগ শহরের অন্যান্য গহনার দোকানেও নজরদারি বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। গ্রাহকদেরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে—গহনা কেনার সময় ওজন যাচাই, বিল সংগ্রহ এবং যন্ত্রের বৈধতা সম্পর্কে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande