
ময়না, ২৩ এপ্রিল (হি. স.):- বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের ময়নায় ভোটের দিন উত্তেজনা ছড়াল গোড়ামাহাল এলাকার ২৩৪ নম্বর বুথে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দন মণ্ডল বুথে পৌঁছাতেই বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ তাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় চাঞ্চল্য ছড়ায়।বিজেপি কর্মীদের অভিযোগ, ওই সময় পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। কিন্তু চন্দন মণ্ডল বুথ চত্বরে এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন এবং তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এই অভিযোগ ঘিরেই সাধারণ মানুষের একাংশ ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে সামিল হন বলে দাবি তাদের।অন্যদিকে, তৃণমূল শিবিরের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, পরিকল্পিতভাবে প্রার্থীকে হেনস্থা করতেই বিরোধীরা এই পরিস্থিতি তৈরি করেছে।পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দ্রুত হস্তক্ষেপ করে ভিড় ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বুথে ফের স্বাভাবিক ছন্দে ভোটগ্রহণ শুরু হয়। ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়