
কলকাতা, ২৩ এপ্রিল (হি. স.) : ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ মোটের ওপর নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়াল বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, বিক্ষিপ্ত কিছু অশান্তির চেষ্টা হলেও বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানুষ নির্ভয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন।
মনোজ কুমার আগরওয়াল এদিন স্পষ্ট জানান, “ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও বড় গণ্ডগোলের রিপোর্ট আমার কাছে আসেনি। মানুষ ভয়মুক্ত পরিবেশে ভোট দিয়েছেন। আগেই নিশ্চিত করা হয়েছিল যে বুথের ভেতরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এবং বাস্তবেও তাই হয়েছে।”
এদিনের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, প্রথম দফায় রাজ্যে মোট ৪৪,৩৭৬টি বুথ ছিল। এর মধ্যে ৩৯,৫৪৮টি বুথে নির্ধারিত সময়ের মধ্যেই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে অধিকাংশ জায়গায় ভোট শেষ হলেও কিছু কিছু বুথে তখনও লম্বা লাইন থাকায় ভোটগ্রহণ চলেছে।
প্রথম দফার ভোট চলাকালীন অশান্তি ছড়ানোর অভিযোগে এ পর্যন্ত মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৫৭০ জনকে আটক করা হয়েছে। ৩-৪টি অবাঞ্ছিত ঘটনা গুরুত্বের সঙ্গে নথিভুক্ত করা হয়েছে। এই প্রেক্ষিতে মুর্শিদাবাদের নওদাতে ৯ জন এবং বীরভূমের দুবরাজপুরে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের কুমারগঞ্জে ৫ জন, সাঁইথিয়াতে ৪ জন এবং মুরারইয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা প্রসঙ্গে সিইও জানান, রাজ্যস্তরের কন্ট্রোল রুম থেকে একযোগে ওয়েবকাস্টিং-এর মাধ্যমে কড়া নজরদারি চালানো হয়েছে। প্রতিটি স্ক্রিনে স্বচ্ছতার সঙ্গে সমস্ত তথ্য ও দৃশ্য পর্যবেক্ষণ করা হয়েছে, ফলে ভোটদান ব্যবস্থা সচল রাখতে কোনও সমস্যা হয়নি। প্রতিটি মুহূর্তের খবর সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত