
ধর্মনগর (ত্রিপুরা), ২৮ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলাজুড়ে ক্রমবর্ধমান অবৈধ মাদক কারবার ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র উদ্বেগ প্রকাশ করে জেলার সাংবাদিকরা মঙ্গলবার উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রাই-এর কাছে একটি ডেপুটেশন প্রদান করেছেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তুলে ধরে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান তাঁরা।
সাংবাদিকদের প্রতিনিধি দলের পক্ষ থেকে জমা দেওয়া স্মারকলিপিতে বলা হয়, গত কয়েক মাসে জেলায় মাদক ও নিষিদ্ধ পণ্যের আমদানি-রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক পার্থ সারথি দাস জানান, ইয়াবা ট্যাবলেট, নিষিদ্ধ কফ সিরাপ ও গাঁজার মতো নেশাজাতীয় দ্রব্যের অবাধ চোরাচালান উদ্বেগজনকভাবে বেড়েছে। পাশাপাশি বার্মিজ সিগারেট ও গোরু পাচারের মতো অবৈধ ব্যবসাও সমানতালে চলছে।
তিনি আরও অভিযোগ করেন, জেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে তীর খেলা ও জুয়ার আসর বসছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে এবং যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অসম ও মিজোরাম সীমান্তবর্তী বিভিন্ন পথ ব্যবহার করে এই অবৈধ পণ্য জেলায় প্রবেশ করছে। বিশেষ করে দামছড়া, পানিসাগর ও কাঞ্চনপুর সড়ক হয়ে দিন-রাত নির্বিঘ্নে পাচার চলছে। এরপর এসব পণ্য ঊনকোটি জেলা হয়ে সহজেই বাংলাদেশে পাচার করা হচ্ছে। পাচারকারীরা পেঁচারথল, কুমারঘাট ও কৈলাসহর এলাকাকেও ‘সেফ প্যাসেজ’ হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে সাংবাদিকরা তুলে ধরেছেন—সমাজের কিছু তথাকথিত ‘সম্মানীয় পেশার’ আড়ালে থাকা একদল ব্যক্তি এই পুরো চক্রটি পরিচালনা করছে। তারা নিজেদের পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যার ফলে জেলার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে।
এই প্রেক্ষিতে সাংবাদিকরা প্রশাসনের কাছে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি এই মুখোশধারী অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সাংবাদিক প্রতিনিধিরা জানিয়েছেন, অপরাধমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তুলতে তাঁরা প্রশাসনের পাশে থেকে নির্ভয়ে কাজ করতে প্রস্তুত এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ