
কলকাতা, ২৩ এপ্রিল (হি. স.) : বৃহস্পতিবার বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের (১৯৯২) প্রয়াণ দিবস। যথাযোগ্য মর্যাদার সঙ্গে রাজ্য জুড়ে তা পালিত হয়। এদিকে, এই উপলক্ষে নদীয়া জেলার রানাঘাটে ‘কথাশিল্প আবৃত্তি চর্চাকেন্দ্র’-এর উদ্যোগে রানাঘাট দে চৌধুরীপাড়ার মহলা কক্ষে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান আলোচক পীতম ভট্টাচার্য বর্তমান সময়ের প্রেক্ষিতে ‘প্রতিবাদী সত্যজিৎ’-এর চলচ্চিত্র চিন্তা নিয়ে আলোচনা করেন।তিনি বলেন, জনঅরণ্য, সীমাবদ্ধ, প্রতিদ্বন্দ্বী, শাখা-প্রশাখা, গণশত্রু, আগন্তুক ও হীরক রাজার দেশে চলচ্চিত্রে সমাজ-রাজনৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ স্পষ্ট। অনুষ্ঠানে কথাশিল্পের ছাত্রছাত্রীরা সত্যজিৎ রায়কে নিবেদিত কবিতা আবৃত্তি করে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাহিত্যপ্রেমীরা। আলোচনায় এদিন উঠে আসে তাঁর চলচ্চিত্রের মানবিকতা ও শিল্পনির্মাণের অনন্যতা।শেষপর্যায়ে স্মরণসভার পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেছেন— সত্যজিৎ রায় আজও সমান প্রাসঙ্গিক। তাঁর চলচ্চিত্র বিশ্বজুড়ে অনুপ্রেরণা জোগায়। এই মর্মেই এদিন চলচ্চিত্রকারকে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত