
দুর্গাপুর, ২৩ এপ্রিল (হি.স.): নির্বাচন বিধিকে উপেক্ষা করে ভোটকেন্দ্রের অদূরেই তৃণমূলের ফিস্ট আয়োজনকে ঘিরে উত্তেজনা ছড়াল উখড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফিস্ট বন্ধ করে দেয় পুলিশ ও কুইক রেসপন্স টিম (কিউআরটি)।উল্লেখ্য, বৃহস্পতিবার ছিল রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ভোটকেন্দ্র এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও রানীগঞ্জ বিধানসভার উখড়া বাগচান্নিপাড় এলাকায় ফিস্ট চলার অভিযোগ ওঠে। অভিযোগ, উনুন জ্বালিয়ে লুচি ভাজা হচ্ছিল এবং কুমড়োর তরকারি রান্না হচ্ছিল সেখানে।স্থানীয় বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তী অভিযোগ করেন, “তৃণমূল কর্মীরা মানুষকে ভীতসন্ত্রস্ত করতেই বিভিন্ন ক্লাব ও পাড়ায় জমায়েত করেছিল। উখড়া গার্লস স্কুল ও জুনিয়ার হাইস্কুলের ২০৬ ও ২০৭ নম্বর বুথের মাঝামাঝি বাগচান্নিপাড় এলাকায় ফিস্ট চলছিল। একইসঙ্গে স্টার স্পোর্টিং ক্লাব, পাঠকপাড়াতেও জমায়েত করা হয়েছিল। আমরা বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছি।”খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কিউআরটি। পাঠকপাড়ার জমায়েত সরিয়ে দেওয়া হয় এবং বাগচান্নিপাড়ের ফিস্টের রান্না বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে।তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা