
আরামবাগ, ২৩ এপ্রিল (হি.স.) : নির্বাচনী আবহে গোঘাটে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছাল বিজেপি মহিলা মোর্চার এক কর্মসূচিকে কেন্দ্র করে। কামারপুকুরের দাসপাড়া এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত একটি কর্মসূচি চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বাধা দান এবং মহিলা কর্মীদের উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পরিকল্পিতভাবে ভন্ডুল করার চেষ্টা করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
অভিযোগ, বিজেপি মহিলা কর্মীদের ঘিরে ধরে হেনস্তা করা হয় এবং অশালীন ভাষা প্রয়োগ করা হয়। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গোঘাট থানার সামনে বিশাল বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। দীর্ঘক্ষণ থানা ঘেরাও করে প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন তাঁরা।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। ঘাসফুল শিবিরের দাবি, পরাজয় নিশ্চিত জেনে বিজেপিই ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকানোর জন্য এই ধরনের সাজানো অভিযোগ তুলছে।
বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে গোঘাটে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দাসপাড়া এবং থানা সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA