
আরামবাগ, ২৩ এপ্রিল (হি.স.) : ২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার সাথে সাথেই গোঘাট বিধানসভা কেন্দ্রে নিজেদের প্রচারের ধার বাড়াতে শুরু করেছে বিজেপি। বৃহস্পতিবার গোঘাটের রঘুবাটি এলাকায় বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের সমর্থনে মহিলা মোর্চার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এদিনের এই সম্মেলনে বিপুল সংখ্যক মহিলা নেত্রী ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভা থেকে আসন্ন নির্বাচনে প্রশান্ত দিগারকে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার নেওয়া হয়। উপস্থিত মহিলা নেত্রীরা তাঁদের বক্তব্যে বুথভিত্তিক সংগঠনকে আরও মজবুত করার ওপর জোর দেন। তাঁরা জানান, প্রত্যেক কর্মীকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে নরেন্দ্র মোদী সরকারের জনকল্যাণমূলক কাজের বার্তা তুলে ধরতে হবে।
সম্মেলনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরে দাবি করা হয় যে, পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নয়নের জন্য রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়া জরুরি। সেই লক্ষ্যেই রঘুবাটি এলাকার সাধারণ ভোটারদের পদ্ম চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান মহিলা মোর্চার নেতৃত্বরা।
নির্বাচনের প্রাক্কালে আয়োজিত এই কর্মী সম্মেলনকে কেন্দ্র করে রঘুবাটি এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে মহিলাদের এই সক্রিয়তা গোঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থীর লড়াইকে অনেকটাই সহজ করে তুলবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA