
আরামবাগ, ২৩ এপ্রিল (হি.স.) : আরামবাগের মায়াপুরে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ এবং পুরশুড়ার প্রার্থী বিমান ঘোষের সমর্থনে আয়োজিত এই জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। শাহ স্পষ্ট ভাষায় বলেন, “৫ তারিখের পর আপনার ও আপনার ভাইপোর ক্ষমতা সমাপ্ত হয়ে যাবে। যারা সন্ত্রাস করেছে, আমার কার্যকর্তাদের মারধর করেছে, তাদের পাতাল থেকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।”
বৃহস্পতিবার আরামবাগের জনসভা থেকে আলু চাষিদের দুর্দশার কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ আলুর রাজধানী হওয়া সত্ত্বেও এখানকার চাষিরা মরছে। সরকার ভিন রাজ্যে আলু পাঠাতে দিচ্ছে না, ফলে চাষিরা সঠিক দাম পাচ্ছে না। ২২ টাকার আলু ২ টাকায় বিক্রি হচ্ছে।” তিনি আশ্বাস দেন যে, বিজেপি ক্ষমতায় এলে ভিন রাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করা হবে এবং রাজ্যেই আলু বীজ তৈরির পরিকাঠামো গড়ে তোলা হবে, যাতে বীজের দাম অর্ধেক হয়ে যায়।
অনুপ্রবেশ ও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে বিঁধে অমিত শাহ বলেন, “ঘুষপেটিয়া (অনুপ্রবেশকারী) মুক্ত বাংলা গড়তে হলে সরকার পাল্টাতে হবে। এসআইআর তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাওয়ায় দিদি এখন চিৎকার করছেন। ৫ তারিখ বিজেপি সরকার গঠনের পর সমস্ত অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া হবে।”
রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে সরব হয়ে শাহ বলেন, “মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এই রাজ্যে মহিলাদের হাল দেশের মধ্যে সবথেকে খারাপ। সন্দেশখালি, কসবা ল কলেজ এবং আরজি কর-এর মতো ঘটনা তার প্রমাণ। তৃণমূল নেতারা মা-বোনেদের ওপর অত্যাচার করছে।” সন্ত্রাসবাদ প্রসঙ্গে কংগ্রেস ও তৃণমূলকে একযোগে আক্রমণ করে তিনি বলেন, “আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি, আর কংগ্রেস ও তৃণমূল তাদের মদত দিচ্ছে ও বিরিয়ানি খাওয়াচ্ছে।”
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA