
মুঙ্গেলি, ২৪ এপ্রিল ( হি.স.): ছত্তিশগড়ের মুঙ্গেলিতে এক পথ দুর্ঘটনা ঘটেছে শুক্রবার। পুলিশ সূত্রে জানা গেছে, একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারান অজিত দহিরে। তিনি তিলকপুরের বাসিন্দা। পেশায় শিক্ষক।
এক পুলিশ আধিকারিক জানান, অজিত দহিরে বাইকে করে যাচ্ছিলেন তাঁর নিজের গ্রাম বাইগাকাপায় । ঝাফলের মহারানা প্রতাপ স্কুলের কাছে ঘটে দুর্ঘটনাটি। রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে ধেয়ে আসে এবং নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় সম্পূর্ণ পিষ্ট হয়ে যায় বাইকটি । ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পলাতক ট্রাক চালকের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক