
কোচবিহার, ২৪ এপ্রিল ( হি. স.) : উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান কোচবিহারের খাগড়াবাড়ির ‘শিব যজ্ঞ’ এই বছর ৭৯ তম বর্ষে পদার্পণ করল। স্থানীয় বাসিন্দাদের সক্রিয় উদ্যোগে মহাসমারোহে পালিত এই যজ্ঞকে কেন্দ্র করে গোটা এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। গত সোমবার ভোরবেলা থেকে এক কোটি আট বার মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এই মহাযজ্ঞের মূল পর্ব শুরু হয়েছিল। দীর্ঘ পাঁচ দিন পর, শুক্রবার মধ্যাহ্নে পূর্ণ আহুতির মাধ্যমে এই যজ্ঞের প্রধান পর্বের সমাপ্তি ঘটে। আয়োজক সূত্রে জানা গেছে, প্রায় ২০ জন অভিজ্ঞ পুরোহিত এবং তাঁদের সহকারীরা এই পূজা-অর্চনা ও যজ্ঞের কাজে অংশগ্রহণ করেছিলেন। ধর্মীয় শাস্ত্রীয় নিয়ম মেনে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল গত সোমবারের ‘কুমারী পুজো’, যেখানে ২১ জন কন্যা শিশুকে দেবীরূপে পূজা করা হয়েছে। এই শিবযজ্ঞ উপলক্ষে কোচবিহারের বিভিন্ন প্রান্ত ছাড়াও দূরদূরান্ত থেকে বহু ভক্তের সমাগম লক্ষ্য করা গিয়েছে। আয়োজক সংস্থা ‘কোচবিহার শিবযজ্ঞ সংস্থা’-র পক্ষ থেকে জানানো হয়েছে, মূল যজ্ঞ শেষ হলেও আগামী শনিবার সন্ধ্যায় মা কালীর আরাধনার মাধ্যমে এই বছরের অনুষ্ঠানের আনুষ্ঠানিক ইতি টানা হবে এবং আগামী বছরের যজ্ঞ যাতে সফলভাবে সম্পন্ন হয় সেই প্রার্থনা করা হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত