
পূর্ব বর্ধমান, ২৪ এপ্রিল (হি.স.): প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে বর্ধমান শহরের নবাবহাট বালিঘাট মোড় এলাকায় একটি নার্সিংহোমে ভাঙচুর চলল শুক্রবার সকালে। এর জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই নার্সিংহোমে গৃহবধূর শল্যচিকিৎসা করার সময়ে তাঁর অবস্থার অবনতি হয়। এর পরে প্রসূতি এবং তাঁর সদ্যোজাত সন্তানকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রসূতির মৃত্যু হয়।
নার্সিংহোম কর্তৃপক্ষের অভিযোগ, শুক্রবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই নার্সিংহোমে এসে ব্যাপক ভাঙচুর চালান রোগীর আত্মীয়েরা। নার্সিংহোমের কর্মীদেরও মারধর করা হয়। আতঙ্কে অন্য রোগী ও তাঁদের পরিজনেরাও পালিয়ে যায়। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ঘটনাস্থলে পৌঁছন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ