
হিঙ্গলগঞ্জ, ২৪ এপ্রিল (হি. স.): হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে নির্বাচন কমিশনের তরফে সাসপেন্ড করার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। শুক্রবার এই ইস্যুতে মুখ খুলেছেন হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং তৃণমূল প্রার্থী আনন্দ সরকার। উল্লেখযোগ্যভাবে, ভিন্ন রাজনৈতিক শিবিরের হলেও দু’জনেই ওসি সন্দীপ সরকারের পক্ষেই সুর তুলেছেন।বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, সন্দীপ সরকার একজন সৎ ও দায়িত্বশীল অফিসার। তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রয়োজনে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন রেখা পাত্র। তাঁর দাবি, সন্দীপ সরকারকে আবার হিঙ্গলগঞ্জে ফিরিয়ে আনতেই হবে।অন্যদিকে তৃণমূল প্রার্থী আনন্দ সরকার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কমিশন ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে এবং এই সাসপেনশনের ঘটনা তাদের স্বেচ্ছাচারিতারই প্রমাণ। তাঁর মতে, গ্রাসরুট স্তরে পরিস্থিতি না বুঝেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে হিঙ্গলগঞ্জে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়