
হাড়োয়া, ২৪ এপ্রিল (হি. স.):- উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার গোবর্ধনপুর এলাকায় এক আইএসএফ কর্মীর বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ওই আইএসএফ কর্মী বাড়ির প্রধান দরজা খুলতেই সামনে দুটি সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে তা বোমা বলে সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে দেগঙ্গা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি উদ্ধার করে নিয়ে যায় এবং এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায়।আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরাই পরিকল্পিতভাবে তাঁদের ফাঁসানোর উদ্দেশ্যে ওই বোমা রেখে গেছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।পুলিশ সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া বস্তুগুলি পরীক্ষা করে দেখা হচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় যাতে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের দাবি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়