টলিউডে শোকের ছায়া, প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত
কলকাতা, ২৪ এপ্রিল ( হি. স. ) : বাংলা বিনোদন জগতে আবারও নক্ষত্রপতন। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বনামধন্য অভিনেতা এবং বিশিষ্ট বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ দেড় বছর ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন বলে জা
বিপ্লব দাশগুপ্ত


কলকাতা, ২৪ এপ্রিল ( হি. স. ) : বাংলা বিনোদন জগতে আবারও নক্ষত্রপতন। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বনামধন্য অভিনেতা এবং বিশিষ্ট বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ দেড় বছর ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি প্রয়াত হন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ স্ত্রী রুমা দাশগুপ্ত এবং কন্যা প্রিয়ম দাশগুপ্ত। দক্ষিণ কলকাতার গল্ফক্লাব রোডের বাসিন্দা এই প্রবীণ শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ মহল ও অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্রের মতো টলিউডের বিশিষ্ট ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়ায় এই দুঃসংবাদ প্রকাশ করে গভীর শোক জ্ঞাপন করেছেন।

বিপ্লব দাশগুপ্ত প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তিনি তাঁর অসামান্য অভিনয় দক্ষতার ছাপ রেখে গেছেন। ‘ফেলুদা’, ‘বাইশে শ্রাবণ’ থেকে শুরু করে ‘গুমনামি’-র মতো বহু জনপ্রিয় চলচ্চিত্রে তাঁর উপস্থিতি ছিল উজ্জ্বল। বিশেষ করে ২০১৯ সালে ‘দেবতার গ্রাস’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহের মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেও তিনি নজর কেড়েছিলেন। অভিনয়ের পাশাপাশি আবৃত্তি, নাট্যজগত এবং ভয়েস ওভার আর্টিস্ট হিসেবেও দেশ-বিদেশে তাঁর প্রভূত খ্যাতি ছিল। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে সৃজনশীল দুনিয়ায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন তিনি। শুক্রবার সন্ধ্যা সোয়া ৫টা নাগাদ তাঁর দেহ টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওতে আনা হবে, যেখানে শিল্পীমহলের অনেকেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন বলে জানা গেছে। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর প্রয়াণে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande