
কলকাতা, ২৩ এপ্রিল (হি. স.) : প্রথম দফার নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ও হিংসার ঘটনার তীব্র সমালোচনা করলেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। আজ এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাজ্যে নির্বাচনী প্রচারে এসে যখন নির্বাচন কমিশনের ঢালাও প্রশংসা করে বলছেন— তাঁর ৫০ বছরের রাজনৈতিক জীবনে তিনি প্রথম এত কম হিংসার ভোট দেখলেন এবং শান্তিপূর্ণ ভোট পরিচালনার জন্য কমিশনকে অভিনন্দন জানাচ্ছেন, ঠিক তখনই বিবৃতিতে চণ্ডীদাস ভট্টাচার্য অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে প্রার্থীরা পুলিশের সামনেই মার খেয়েছেন, প্রার্থীর এজেন্টদের মেরে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে এবং প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। এর প্রতিবাদে প্রার্থীদের রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতেও দেখা গেছে। তিনি আরও উল্লেখ করেন যে, সব থেকে বেশি গোলমাল হয়েছে মুর্শিদাবাদে, যেখানে কেন্দ্রীয় বাহিনী সব থেকে বেশি সংখ্যায় মোতায়েন করা হয়েছিল। এই সমস্ত গুণ্ডামির জন্য তিনি সরাসরি শাসক দল তৃণমূলকেই দায়ী করেছেন।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কমিশন শান্তিপূর্ণ ভোট পরিচালনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। তাঁর দাবি, শাসক বিজেপির আজ্ঞাবহ হিসেবে যেভাবে কমিশন কাজ করছে, তার জন্যই প্রধানমন্ত্রী এমন প্রশংসা করছেন। পরিশেষে, দ্বিতীয় পর্বের নির্বাচন যাতে এমন হিংসা ও অশান্তির শিকারে পরিণত না হয়, তা সুনিশ্চিত করার জন্য কমিশনের কাছে জোরালো দাবি জানিয়েছে এস ইউ সি আই (সি)।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত