
হাওড়া, ২৪ এপ্রিল ( হি. স.) : পশ্চিমবঙ্গ সফরে এসে শুক্রবার সকালে গঙ্গাবিহারে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভ্রমণের ছবি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। প্রধানমন্ত্রীর এই গঙ্গাবিহারকে কেন্দ্র করে এবার তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার নির্বাচনী জনসভা থেকে মোদীকে খোঁচা দিয়ে মমতা মনে করিয়ে দেন দিল্লির যমুনা নদীর দূষণের কথা। তিনি বলেন, বাংলার গঙ্গা আর দিল্লির যমুনা মিলিয়ে দেখলেই তফাত বোঝা যায়। বাংলার গঙ্গা পরিষ্কার বলেই প্রধানমন্ত্রী সকালবেলা নৌকাবিহার করে হাওয়া খেতে পারছেন। মমতার সাফ কথা, প্রধানমন্ত্রী যমুনা নদী সামলাতে পারেন না, অথচ বাংলায় এসে গঙ্গাবিহার করছেন। তিনি মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, প্রধানমন্ত্রী একবার দিল্লির যমুনায় গিয়ে ডুব দিয়ে আসুন, তাহলেই বুঝবেন সেখানকার জল কতটা দূষিত।
মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর এই গঙ্গাভ্রমণকে ‘ভোটের রাজনীতি’ এবং ‘ফটোশপিং’ বলে অভিহিত করেন। তিনি বলেন, গঙ্গায় নৌকাবিহার করাকে তিনি স্বাগত জানান এবং নিজেও মাঝেমধ্যে চন্দননগর বা গঙ্গাসাগরে যাতায়াতের সময় গঙ্গাভ্রমণ করেন। কিন্তু দিল্লির যমুনা দূষণ যে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, সেই দায়ভার প্রধানমন্ত্রীর এড়ানো উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, প্রতি বছরই দিল্লির যমুনার জলে বিষাক্ত সাদা ফেনা ও দূষণ নিয়ে জাতীয় রাজনীতিতে বিতর্ক তৈরি হয়। বিধানসভা নির্বাচনেও যমুনা দূষণ একটি বড় ইস্যু হয়ে দাঁড়ায়। বঙ্গ নির্বাচনের আবহে প্রধানমন্ত্রীর এই গঙ্গাসফর যখন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, ঠিক তখনই যমুনা দূষণকে হাতিয়ার করে পাল্টা আক্রমণ করলেন তৃণমূল নেত্রী।
হিন্দুস্থান সমাচার / সোনালি