ময়নায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র এলাকা, আহত উভয় পক্ষের বেশ কয়েকজন
পূর্ব মেদিনীপুর, ২৪ এপ্রিল ( হি. স.) : পূর্ব মেদিনীপুর জেলার ময়না এলাকায় ভোট মিটলেও অশান্তি থামার লক্ষণ নেই। নির্বাচনের পরের দিন শুক্রবার ময়নার বকচার সান্তলা পুল এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়ি
ময়নায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র এলাকা, আহত উভয় পক্ষের বেশ কয়েকজন


পূর্ব মেদিনীপুর, ২৪ এপ্রিল ( হি. স.) : পূর্ব মেদিনীপুর জেলার ময়না এলাকায় ভোট মিটলেও অশান্তি থামার লক্ষণ নেই। নির্বাচনের পরের দিন শুক্রবার ময়নার বকচার সান্তলা পুল এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন, যাঁদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে।

তৃণমূল সমর্থকদের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। এই নিয়ে থানায় অভিযোগ জানানো হলেও শুক্রবার সকালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তৃণমূল কর্মীদের দাবি, এদিন সকালে প্রায় ২৫০ থেকে ৩০০ জন বিজেপি সমর্থক এলাকায় ঢুকে লাঠি, রড নিয়ে হামলা চালায় এবং বাড়ির মহিলাদের হেনস্থা করে। এই ঘটনায় চারজন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়ে বর্তমানে ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে। বিজেপি কর্মীদের দাবি, তাঁরা এলাকায় শান্তভাবে বসেছিলেন, সেই সময় স্থানীয় তৃণমূল নেতা ও তাঁর স্ত্রী দলবল নিয়ে তাঁদের ওপর চড়াও হন। লোহার রড দিয়ে মারধর করার ফলে তাঁদের তিন জন কর্মী আহত হয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের। আহতদের মধ্যে এক বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এলাকায় পুলিশি টহল চলছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande