গ্যাস লিক থেকে ভয়াবহ বিস্ফোরণ, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের মৃত্যু; স্ত্রী গুরুতর আহত
রাজগড়, ২৪ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের রাজগড় জেলার ব্যাওরা শহরের শিবধাম কলোনিতে শুক্রবার গ্যাস লিক থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ৮৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুরেশ সিং ভল্লার মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী প
গ্যাস লিক থেকে ভয়াবহ বিস্ফোরণ, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের মৃত্যু; স্ত্রী গুরুতর আহত


রাজগড়, ২৪ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের রাজগড় জেলার ব্যাওরা শহরের শিবধাম কলোনিতে শুক্রবার গ্যাস লিক থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ৮৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুরেশ সিং ভল্লার মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী পদ্মাবতী ভল্লা। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৬টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অনুমান, রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে রাতে ধীরে ধীরে গ্যাস লিক করে ঘরের ভেতর জমে যায়। সকালে সুরেশ সিং রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালানোর চেষ্টা করতেই জমে থাকা গ্যাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় পুরো বাড়ি কেঁপে ওঠে। আগুনের লেলিহান শিখায় সুরেশ সিং ভল্লা গুরুতরভাবে দগ্ধ হন। বিস্ফোরণে জানালা-দরজা ভেঙে যায় এবং দেওয়ালে ফাটল ধরে। শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আহতদের উদ্ধার করেন।

গুরুতর অবস্থায় সুরেশ সিং ভল্লাকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাঁকে ভোপালে স্থানান্তর করা হলেও পথেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্ত্রী পদ্মাবতী ভল্লা দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন।

জানা গিয়েছে, দম্পতি মূলত হরিয়ানার পানিপতের বাসিন্দা ছিলেন এবং গত ১৩ বছর ধরে ব্যাওরায় বসবাস করছিলেন। তাঁদের কোনো সন্তান নেই।

পুলিশ ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে গ্যাস লিককেই দুর্ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে, তবে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande