
আসানসোল, ২৪ এপ্রিল (হি. স.):- পশ্চিম বর্ধমান জেলার কুলটি, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, জামুড়িয়া এবং বারাবনি—এই পাঁচটি বিধানসভার প্রার্থীদের ভাগ্য এখন বন্দি রয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রংরুমে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর ইভিএম ও ভিভিপ্যাট মেশিনগুলি এখানে নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করা হয়েছে।নির্বাচন কমিশনের নির্দেশ মেনে গোটা স্ট্রংরুম চত্বরকে ঘিরে ফেলা হয়েছে বহুস্তরীয় নিরাপত্তা বলয়ে। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ এবং অত্যাধুনিক সিসিটিভি নজরদারির মাধ্যমে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ চালানো হচ্ছে। স্ট্রংরুমের প্রতিটি প্রবেশপথে কড়া পাহারা রয়েছে এবং বিনা অনুমতিতে সেখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইভিএম ও ভিভিপ্যাটের নিরাপত্তায় কোনও রকম গাফিলতি রাখা হচ্ছে না। নির্বাচন কমিশনের নির্ধারিত সমস্ত প্রোটোকল মেনেই সংরক্ষণ ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও নির্দিষ্ট নিয়ম মেনে নজরদারিতে অংশ নিচ্ছেন।আগামী ৪ মে এই ইঞ্জিনিয়ারিং কলেজেই গণনা কেন্দ্র হিসেবে ভোটগণনা অনুষ্ঠিত হবে। সেদিনই খুলবে এই পাঁচটি বিধানসভার প্রার্থীদের ভাগ্য।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়