
ধর্মনগর (ত্রিপুরা), ২৪ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মোটরবাইক চোরচক্র। জনবহুল অফিস টিলা কালীবাড়ি সংলগ্ন এলাকায় দিনের বেলায় একটি মোটরবাইক চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে ধলাই জেলার মনুঘাট এলাকার বাসিন্দা বকুল রুদ্রপাল, যিনি একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী, প্রতিদিনের মতো বুধবার অফিসে এসে নিজের মোটরবাইকটি বাইরে পার্ক করে কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে চোর তাঁর বাইকটি চুরি করে নিয়ে যায়। কিছুক্ষণ পর বাইরে এসে তিনি বাইকটি না দেখতে পেয়ে হতবাক হয়ে পড়েন।
ঘটনাটি ঘটে এমন এক এলাকায়, যেখানে কাছাকাছি রয়েছে মহকুমা শাসকের কার্যালয়, জেলা শাসকের দফতর এবং জেলা পুলিশ সুপারের অফিস। এত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দফতরের নিকটে এই ধরনের চুরির ঘটনা স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
ঘটনার পরপরই বকুল রুদ্রপাল ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত চোরদের শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, কিছুদিনের বিরতির পর ফের ধর্মনগর শহরে একের পর এক চুরির ঘটনা সামনে আসতে শুরু করেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উত্তর জেলার পুলিশ এখনও পর্যন্ত সক্রিয় চোরচক্রকে দমন করতে সক্ষম হয়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত চোরদের গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি শহরের ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, সিসিটিভি নজরদারি জোরদার এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করার দাবি জানিয়েছেন তারা, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা যায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ