
দেহরাদূন, ২৪ এপ্রিল (হি.স.): নাগরিক সুরক্ষা ব্যবস্থার প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার রাত ১০টা থেকে দেহরাদূনে এয়ার রেড ও ব্ল্যাকআউট মক ড্রিলের আয়োজন করা হয়েছে। নির্দিষ্ট কয়েকটি সংবেদনশীল এলাকায় প্রায় ৩০ মিনিটের জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, আইএসবিটি, ঘণ্টাঘর, আরাঘর এবং ডিফেন্স ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশন ল্যাবরেটরি-র আশপাশ এলাকায় সাইরেন বাজিয়ে এয়ার রেড সতর্কতা জারি করা হবে। তার পরেই ব্ল্যাকআউট কার্যকর করা হবে।
এই মহড়ার মূল উদ্দেশ্য আকাশপথে সম্ভাব্য হামলা বা জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা সংস্থাগুলির প্রস্তুতি, তৎপরতা এবং পারস্পরিক সমন্বয় যাচাই করা। এজন্য জেলা প্রশাসনের তরফে কন্ট্রোল রুমে একটি ইমার্জেন্সি অপারেশন সেন্টার চালু করা হয়েছে, যেখানে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রক্ষা করা হবে।
মক ড্রিল চলাকালীন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), সিভিল ডিফেন্স এবং পুলিশ বাহিনী মোতায়েন থাকবে এবং পুরো পরিস্থিতির উপর নজরদারি চালাবে।
জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক ঋষভ কুমার জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই মহড়া আয়োজন করা হচ্ছে। তিনি সাধারণ মানুষকে গুজব বা আতঙ্ক এড়িয়ে চলার আবেদন জানিয়ে বলেছেন, এটি শুধুমাত্র একটি প্রস্তুতিমূলক অনুশীলন।
প্রশাসনের পক্ষ থেকে সকলকে সহযোগিতা করার এবং নির্দিষ্ট নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। এই ধরনের মহড়া দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলে মত প্রশাসনের।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য