
হুগলি, ২৪ এপ্রিল (হি.স.): হুগলির কোন্নগরের আলকালী ময়দানে শুক্রবার এক জনসভায় যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভার শুরুতে তিনি স্থানীয় দেবদেবী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানান।
সভা থেকে অমিত শাহ দাবি করেন, প্রথম দফার নির্বাচনে বিজেপি ১১০-র বেশি আসন পাবে এবং আগামী ৫ মে রাজ্যে বিজেপি সরকার গঠন করবে। তিনি উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি ও চন্ডীতলা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিন তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার গঠন হলে ‘গুন্ডারাজ’-এর অবসান ঘটবে এবং দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে কাজ করার আশ্বাস দেন তিনি।
জনসভাকে কেন্দ্র করে হুগলি জেলায় রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA