
মুম্বই, ২৪ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের নাসিক ধর্ষণকাণ্ডের ষষ্ঠ মামলায় অভিযুক্ত অশোক খরাতকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল জেলা সেশন আদালত। শুক্রবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি) অভিযুক্তকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে পেশ করে।
সরকারি আইনজীবী আদালতে জানান, কানাডা কর্নার এলাকার একটি অফিসে এক মহিলাকে অজ্ঞান করার ওষুধ খাইয়ে, খাবারের সঙ্গে মিশিয়ে তাকে অচেতন করে ধর্ষণের অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। অভিযোগ, অভিযুক্ত ওই মহিলাকে তাঁর বাবার মৃত্যুর ভয় দেখিয়ে মানসিকভাবে চাপে রাখত। তদন্তের স্বার্থে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলেও আদালতে জানানো হয়।
অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী পুলিশ হেফাজতের বিরোধিতা করে বলেন, একই ধরনের একাধিক মামলায় এসআইটি একই যুক্তি দেখিয়ে হেফাজতের আবেদন করছে, অথচ তদন্তে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট অগ্রগতি দেখা যায়নি। তাই নতুন করে পুলিশ হেফাজতের প্রয়োজনীয়তা নেই বলেও দাবি করা হয়।
দুই পক্ষের যুক্তি শুনে এবং মামলার গুরুত্ব বিবেচনা করে আদালত অভিযুক্ত অশোক খরাতকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য