(সংশোধন) শীলাছড়িতে বাংলাদেশ সীমান্তে ধারালো অস্ত্রে জখম ত্রিপুরার যুবক
সাব্রুম (ত্রিপুরা), ২৪ এপ্রিল (হি.স.) : গোমতী জেলার শীলাছড়ি ব্লকের বেলতলি এলাকায় সীমান্তঘেঁষা কাঁটাতারের ওপারে কাজ করতে গিয়ে গুরুতরভাবে জখম হলেন গুধানবাবু ত্রিপুরা (২৮) নামে যুবক। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জা
আহত যুবক হাসপাতালে


সাব্রুম (ত্রিপুরা), ২৪ এপ্রিল (হি.স.) : গোমতী জেলার শীলাছড়ি ব্লকের বেলতলি এলাকায় সীমান্তঘেঁষা কাঁটাতারের ওপারে কাজ করতে গিয়ে গুরুতরভাবে জখম হলেন গুধানবাবু ত্রিপুরা (২৮) নামে যুবক। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে জুম চাষের কাজে সীমান্তবর্তী এলাকায় যান গুধানবাবু। অভিযোগ, সে সময় কাঁটাতারের ওপারে বাংলাদেশের দিক থেকে আসা কয়েকজন ব্যক্তির সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালায় বলে দাবি স্থানীয়দের একাংশের।

জানা গেছে, বাংলাদেশের দিক থেকে আসা গরু প্রায়ই সীমান্তের কাঁটাতারের ভেতরে ঢুকে জুমের ফসল নষ্ট করে। এদিনও একই ঘটনা ঘটায় গুধানবাবু প্রতিবাদ জানাতে গেলে বিবাদের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

ঘটনার পর গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা দ্রুত তাঁকে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে গোমতী জেলা হাসপাতালে রেফার করেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে জানা গেছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায়ই গবাদিপশু প্রবেশ ও তা নিয়ে বিবাদের জেরে উত্তেজনা তৈরি হয়। এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande