
হুগলি , ২৪ এপ্রিল (হি.স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোঘাটে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজি । শুক্রবার গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত কুমরশা গ্রাম পঞ্চায়েতের বালিবেলা এলাকায় প্রচারে বের হয়ে ভিন্নভাবে নজর কাড়েন তিনি।
জানা গেছে, হুড খোলা গাড়িতে করে এলাকা পরিক্রমা করেন নির্মল মাঝি। রাস্তাজুড়ে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রচারের মাঝেই হঠাৎ একটি বাদ্যযন্ত্র কাঁধে তুলে নিয়ে নিজেই বাজাতে শুরু করেন তিনি। প্রার্থীর এই অভিনব উদ্যোগে উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত কর্মী-সমর্থকরা; শুরু হয় হাততালি ও স্লোগান।
প্রচার কর্মসূচির ফাঁকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও অভিযোগও শোনেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন।
তৃণমূল প্রার্থীর এই ব্যতিক্রমী প্রচার ইতিমধ্যেই এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তুলতেই এমন জনসংযোগে জোর দিচ্ছেন প্রার্থী।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA