
রায়পুর, ২৪ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের শক্তি জেলায় অবস্থিত বেদান্ত পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ হয়েছে। গুরুতরভাবে দগ্ধ পশ্চিমবঙ্গের বাসিন্দা পরিযায়ী শ্রমিক বিশ্বজিৎ সাহু চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান। সূত্রের খবর, আহত শ্রমিক বিশ্বজিৎ সাহু রায়পুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল শক্তি জেলার সিংহি তারাই গ্রামে অবস্থিত বেসরকারি এই বিদ্যুৎকেন্দ্রে বয়লারের ফার্নেসে অতিরিক্ত জ্বালানি জমে গিয়ে চাপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এর ফলে বয়লারের নিচের পাইপ সরে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই বহু শ্রমিক গুরুতরভাবে আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আহতদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়, তবে এখনও বেশ কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে বেদান্ত গ্রুপের কর্মকর্তা অনিল আগরওয়াল, প্ল্যান্ট হেড দেবেন্দ্র পটেল সহ মোট ১৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রশাসন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
এছাড়াও, বিলাসপুর বিভাগীয় কমিশনারকে উচ্চস্তরের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রক্রিয়ায় যে কেউ তথ্য ও প্রমাণ জমা দিতে পারবেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ, দায় নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করাই তদন্তের মূল লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক