
পটনা, ২৫ এপ্রিল(হি. স.): বিহারের ভাগলপুর জেলার নবগাছিয়া এলাকার রাংড়া ব্লকের ঝাল্লুদাস টোলা গঙ্গা ঘাটে স্নান করতে নেমে শুক্রবার একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই মর্মান্তিক ঘটনায় শনিবার বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং এটি সমাজকে নাড়িয়ে দেয়। পাশাপাশি তিনি মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে প্রয়াতদের আত্মার শান্তি কামনা করেছেন।
প্রসঙ্গত, শুক্রবার গঙ্গা ঘাটে স্নান করতে নেমেছিলেন একই পরিবারের তিন সদস্য। স্নানের সময় হঠাৎ করেই তারা গভীর জলে তলিয়ে যান। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে দ্রুত উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। পরে প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে দেহ উদ্ধার করে।
ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গঙ্গার ঘাটগুলিতে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করার বিষয়টি পর্যালোচনা করা হবে, যাতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয়। এই ঘটনায় পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন